
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী রাশেদা বেগম রিমি। নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি তাঁর দুধের শিশুসহ দুটি অবুঝ সন্তান রেখে গেছেন। সন্দ্বীপের স্বাস্থ্য সহকারী হিসেবে সবেমাত্র চাকুরিতে যোগ দেওয়া রিমির এই অকাল মৃত্যুতে পরিবার ও সাবেক সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, চবি থেকে অত্যন্ত কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা রিমি নিজ জন্মভূমি সন্দ্বীপেই স্বাস্থ্য বিভাগের সেবামূলক পেশায় নিয়োজিত ছিলেন। তাঁর স্বামী আমিরুল হোসাইন চট্টগ্রাম নগরীর মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের প্রভাষক হিসেবে কর্মরত।
স্বাস্থ্যসেবিকা হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন আর দুটি ছোট সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের মাঝেই থেমে গেল মেধাবী এই তরুণীর পথচলা। তাঁর এই আকস্মিক বিয়োগে সহপাঠী ও পরিচিতজনেরা কোনোভাবেই সান্ত্বনা খুঁজে পাচ্ছেন না।
