
গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য।
সেদিন সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নেতাকর্মীরা জমায়েত হবেন। সকাল ৮টায় সেখান থেকে লংমার্চ শুরু হবে। পথে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধায় পাঁচটি পথসভা অনুষ্ঠিত হবে। রংপুর জেলা স্কুলে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলীয় ঐক্যের সমন্বয় কমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ।
তিনি বলেন, জনগণের দাবির পক্ষে মাঠে নেমেছে বিরোধী দল। গত ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চে প্রত্যাশার চেয়েও বেশি জনসাড়া পাওয়া গেছে।
হামিদুর রহমান আজাদ জানান, শুরুতে ছয় দফা দাবি থাকলেও পরে চাঁদাবাজি ও দুর্নীতির বিষয় যুক্ত হওয়ায় তা সাত দফায় পরিণত হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, বৈঠকে ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পর্যালোচনার পাশাপাশি আগামী ঢাকা-রংপুর লংমার্চ সফল করার বিষয়ে আলোচনা হয়েছে।
