
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এর আগে গত ৩০ আগস্ট সংসদে মন্ত্রী জানিয়েছিলেন, তৃতীয় টার্মিনাল চালুর নামে আগের সরকার একটি ভবন উদ্বোধন করেছিল। তবে টার্মিনালের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ কিছু কাজ তখনও বাকি ছিল। পূর্ণাঙ্গভাবে চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন হবে বলেও জানিয়েছিলেন তিনি।
২০১৭ সালে তৃতীয় টার্মিনাল নির্মাণের প্রকল্প নেয় আওয়ামী লীগ সরকার। ২১ হাজার ৩৯৮ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ২০১৯ সালের ২৮ ডিসেম্বর এর নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পের অর্থায়নে সরকার ৫ হাজার কোটি টাকা দেয় এবং বাকি অর্থ জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার ঋণ থেকে আসে।
২০২৩ সালের ৭ অক্টোবর টার্মিনালটির আংশিক উদ্বোধন করা হয়। তখন ২০২৪ সালের মধ্যে এটি পূর্ণাঙ্গভাবে চালুর কথা জানিয়েছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে নির্ধারিত সময়ে তা চালু করা সম্ভব হয়নি।
