
প্রধানমন্ত্রী তারেক রহমানের পদবির আগে ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হয়েছে তাঁর কার্যালয়ে।
বৃহস্পতিবার সকাল থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফাইল, নথি ও দাপ্তরিক কার্যক্রমে ‘মাননীয় প্রধানমন্ত্রী’ না লিখে শুধু ‘প্রধানমন্ত্রী’ লেখার প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এর আগে বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের এক পরিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর কার্যালয়ে প্রবেশ ও বের হওয়ার সময় অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর মতো ডিজিটাল পদ্ধতিতে হাজিরা দিচ্ছেন। দাপ্তরিক নিয়ম নিজের ক্ষেত্রেও অনুসরণের মাধ্যমে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ম মেনে চলার বার্তা দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রটি ইতোমধ্যে সব মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার থেকেই এর বাস্তবায়ন শুরু হয়েছে।
তিনি বলেন, সরকারি পত্রালাপ ও গুরুত্বপূর্ণ নথিতে পরিপত্রের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হয়েছে।
