
টিসিবির কার্ড থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে ‘ডিজিটাল ট্রান্সফরমেশন অব টিসিবি’ কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, অযোগ্যদের বাদ দিয়ে প্রকৃত সুবিধাভোগীদের টিসিবি কার্ড দেওয়া হয়েছে। কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হলেও যাতে সুবিধাভোগীরা পণ্য পাওয়া থেকে বঞ্চিত না হন, সে ব্যবস্থা করা হবে। ডিজিটাল পদ্ধতিতে এ সেবা আরও সহজ করা হবে।
তিনি বলেন, পণ্যের সরবরাহ ব্যবস্থায় এখনও পুরোপুরি স্থিতিশীলতা আসেনি। ফলে উৎপাদন ও খুচরা মূল্যের মধ্যে বড় পার্থক্য রয়েছে।
ডিলার নিয়োগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, অনলাইন ডিলার ব্যবস্থা চালু করা হবে। প্রয়োজনের তুলনায় আবেদন বেশি হলে ডিজিটাল পদ্ধতিতে লটারি করা হবে। তবে প্রয়োজনের অতিরিক্ত ডিলার নিয়োগ দেওয়া সম্ভব নয়।