
কুড়িগ্রামের অপার প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক স্থানগুলোকে কেন্দ্র করে পর্যটন শিল্পের সঠিক বিকাশ ঘটাতে সমন্বিত উদ্যোগের তাগিদ দিয়েছেন বক্তারা। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তাঁরা এ আহ্বান জানান।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা।
আলোচনায় বক্তারা উল্লেখ করেন, সীমান্তঘেঁষা ও নদীমাতৃক জেলা কুড়িগ্রামে পর্যটন শিল্পের বিপুল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ধরলা ও ব্রহ্মপুত্র নদের অপরূপ তীরবর্তী অঞ্চল এবং ঐতিহাসিক চিলমারী নদীবন্দরসহ নানা দর্শনীয় স্থান পর্যটকদের আকৃষ্ট করতে সক্ষম। তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন, ব্যাপক প্রচার-প্রচারণা এবং পর্যটকদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ওপর তাঁরা বিশেষ গুরুত্বারোপ করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মিমতানুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার, অধ্যাপক শফিকুল ইসলাম বেবু সিনিয়র যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি, মুকুল মিয়া জেলা আহ্বায়ক এনসিপি, অধ্যক্ষ নূর বখত, মাহফুজার রহমান খন্দকার সাধারণ সম্পাদক কুড়িগ্রাম প্রেসক্লাব,
মোসলেমা মিলি সাধারণ সম্পাদক জেলা মহিলা দল,
বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন প্রমূখ।
বক্তারা জেলায় একটি টেকসই পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তুলতে স্থানীয় প্রশাসন ও সর্বস্তরের জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানান। একই সাথে কুড়িগ্রামের প্রাকৃতিক ও ঐতিহাসিক সম্পদগুলোকে জাতীয় পর্যটন মানচিত্রে যথাযথভাবে ফুটিয়ে তোলার সুপারিশ করেন তাঁরা।