ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত শেষ হওয়ার আগে কোনো মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জেনে এ বিষয়ে কথা বলবেন বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ডে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ সমাপনী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পুলিশকে জনবান্ধব হওয়ার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশের কাছে জনগণের প্রত্যাশা অনেক। তাই সেবা নিতে আসা সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আরও আন্তরিক হতে হবে।
তিনি বলেন, ভয়ভীতি ও পক্ষপাতিত্বের ঊর্ধ্বে উঠে জনগণকে আইনি সেবা ও নিরাপত্তা দিতে হবে। মানুষের পাশে দাঁড়িয়ে সেবা প্রদানের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করে পুলিশকে সত্যিকার অর্থে ‘জনগণের পুলিশ’ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার। অতীতে ক্ষতিগ্রস্ত পুলিশ বাহিনীকে পুনর্গঠন করে দক্ষ, আধুনিক, মানবিক ও সেবামুখী বাহিনীতে রূপান্তরের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে প্রয়োজনীয় আইন প্রণয়ন, জনবল বৃদ্ধি, যানবাহন ক্রয়, প্রশিক্ষণ, অবকাঠামো উন্নয়ন ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের কার্যক্রম চলছে বলেও জানান তিনি।
নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তুরাগ নদ থেকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করা হয়। তাঁর বয়স ছিল ২৮ বছর। তিনি বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন।
বৃহস্পতিবার সকালে নৌ-পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত ও ময়নাতদন্তের ফলাফলের অপেক্ষা রয়েছে।


মন্তব্য করুন