মিরপুর টেস্টে ব্যাটিং বিপর্যয় সামলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৭০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। আট নম্বরে ব্যাট করতে নেমে নাঈম হাসানের ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটিতে এই সংগ্রহ পায় স্বাগতিকরা।

তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৭৯ রান নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ। চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমে জাকের আলি ২২ রান করে আউট হন। এরপর দলের হাল ধরেন নাঈম। ২৯ রানে ক্যাচ দিয়ে জীবন পাওয়ার সুযোগ কাজে লাগিয়ে ক্যারিয়ারসেরা ইনিংস খেলেন তিনি।

এর আগে টেস্টে নাঈমের সর্বোচ্চ সংগ্রহ ছিল অপরাজিত ৩৫ রান। প্রথম ইনিংসে বল হাতেও দারুণ পারফরম্যান্স করেন এই ডানহাতি স্পিনার। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে তিনি নিয়েছিলেন চার উইকেট।

এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ২৭২ রান করে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ২৪৫ রানে অলআউট হলে ২৭ রানের লিড পায় স্বাগতিকরা। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত নাঈমের লড়াকু ব্যাটিংয়ে ক্যারিবীয়দের সামনে ১৭০ রানের লক্ষ্য দাঁড় করায় টাইগাররা।