প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর নিয়ে জামায়াতে ইসলামীর আমিরের মন্তব্যের জবাবে যৌথ বিবৃতি পড়ে বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, কোনো বিষয়ে মন্তব্য করার আগে সংশ্লিষ্ট তথ্য ভালোভাবে জানা প্রয়োজন। না পড়ে বাংলাদেশ বিক্রি হয়ে গেছে বলে মন্তব্য করা হাস্যকর।

শুক্রবার (৩০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক মাতারবাড়ী ও বিগ-বি প্রকল্প নিয়ে জামায়াতে ইসলামীর আমিরের সার্বভৌমত্ব লঙ্ঘনের আশঙ্কা প্রকাশের বিষয়ে সরকারের অবস্থান জানতে চান।

জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশের একটি রাজনৈতিক দল। তাদের দায়িত্বশীল আচরণ ও যোগাযোগ করা উচিত।

তিনি বলেন, ‘আমি প্রথমেই বলব, যৌথ বিবৃতিটি পড়ুন। দেখুন, পড়লেই বুঝতে পারবেন এ ধরনের কিছু নেই। না দেখে, না বুঝে, না পড়ে যদি মনে করেন দেশ বিক্রি হয়ে গেছে বা দেশ বিক্রির কাজ হচ্ছে, তাহলে বিষয়টি হাস্যকর হয়ে যায়।’

হুমায়ুন কবির আরও বলেন, বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় আলোচনায় তৃতীয় কোনো দেশের প্রসঙ্গ আসেনি। যৌথ বিবৃতিতে তৃতীয় কোনো দেশের উল্লেখ নেই। এমনকি বঙ্গোপসাগর নিয়েও কোনো আলোচনা হয়নি।

তিনি বলেন, একটি স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ নিজের দায়িত্ব ও অবস্থান সম্পর্কে সচেতন। অন্য কোনো বিষয়ে আলোচনা করতে হলে তা সংশ্লিষ্ট ফোরামেই করতে হবে। বাংলাদেশ ও জাপানের মধ্যকার আলোচনাটি ছিল সম্পূর্ণ দ্বিপক্ষীয়।

সংবাদ সম্মেলনে জাপান থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি এবং দেশটির ৬ দশমিক ৩৪ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়েও প্রশ্ন করা হয়।

জবাবে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের একটি আধুনিক এলএনজি টার্মিনাল পরিদর্শন করেছেন। বাংলাদেশে এ ধরনের টার্মিনাল স্থাপনের বিষয়ে অভিজ্ঞতা ও ধারণা নিতেই এ পরিদর্শন করা হয়।

এ ছাড়া জাপানের বিনিয়োগ সম্ভাবনা বাস্তবায়নে দেশটির একটি অর্থনৈতিক মিশন শিগগিরই বাংলাদেশে পাঠানো হবে। দুই দেশের যৌথ মন্ত্রী পর্যায়ের বৈঠকেও এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত ২৬ থেকে ২৯ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান।