বিশ্বের অন্যতম বৃহৎ ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে ভয়াবহ সাইবার হামলার ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটি থেকে প্রায় ৬৩০ কোটি ডলার বা ৭৮ হাজার কোটি টাকার ক্রিপ্টো সম্পদ চুরি করেছে হ্যাকাররা। বিশ্লেষকদের মতে, এটি ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় চুরির ঘটনা। চুরি হওয়া অর্থের বড় অংশই সরিয়ে নেওয়া হয়েছে মাত্র ২০ মিনিটে।
ঘটনার পর বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে ক্রিপ্টোকারেন্সি জমা ও উত্তোলন সাময়িকভাবে বন্ধ করে দেয় বাইন্যান্স। তবে গ্রাহকদের সব ধরনের ক্ষতি পূরণের আশ্বাস দিয়েছে প্রতিষ্ঠানটি। বাইন্যান্সের দাবি, ব্যবহারকারীদের তহবিল নিরাপদ রয়েছে।
প্রতিষ্ঠানটির প্রাথমিক ধারণা, একজন কর্মীর ল্যাপটপ হ্যাক করার মাধ্যমে হামলার সূত্রপাত। ব্লকচেইন বিশ্লেষণকারী প্রতিষ্ঠান টিআরএম ল্যাবস জানিয়েছে, হ্যাকাররা বাইন্যান্সের ওয়ালেটের লেনদেন অনুমোদন ব্যবস্থার নিয়ন্ত্রণ নিয়ে বিপুল পরিমাণ অর্থ সরিয়ে নেয়।
বাইন্যান্সের কো-সিইও রিচার্ড টেং জানিয়েছেন, প্রতিষ্ঠানের এক বিলিয়ন ডলারের বিশেষ তহবিল এবং নিজস্ব সম্পদ ব্যবহার করে গ্রাহকদের ক্ষতি পূরণ করা হবে।
যুক্তরাষ্ট্রের কয়েকটি ব্লকচেইন বিশ্লেষণকারী প্রতিষ্ঠানের ধারণা, এই হামলার সঙ্গে উত্তর কোরিয়ার হ্যাকারদের সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে তদন্তে এখনো হামলাকারীদের পরিচয় নিশ্চিত হয়নি।
চুরি হওয়া সম্পদের প্রায় অর্ধেক স্টেবলকয়েন। এরই মধ্যে টেথার, সার্কেল, রিপলসহ কয়েকটি প্রতিষ্ঠান এসব সম্পদের কিছু অংশ ফ্রিজ করেছে। তবে ফ্রিজ করা অর্থ সরাসরি বাইন্যান্সকে ফেরত দেওয়া নিশ্চিত নয়।
এই ঘটনার পর শুক্রবার (৩০ অক্টোবর) ক্রিপ্টোকারেন্সির দাম ও স্টেবলকয়েনের বাজারমূল্যে পতন দেখা গেছে। বিশ্লেষকদের আশঙ্কা, এত বড় চুরি ডিজিটাল সম্পদের নিরাপত্তা ও ক্রিপ্টো বাজারে বিনিয়োগকারীদের আস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।


মন্তব্য করুন