বড় পর্দায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিষেক হতে যাচ্ছে পরিচালক ভিকি জাহেদের। তাঁর প্রথম সিনেমা ‘খলনায়ক’-এ অভিনয় করছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও তমা মির্জা। তাঁদের পাশাপাশি ছবিটিতে থাকছেন দেশের একঝাঁক জ্যেষ্ঠ ও জনপ্রিয় অভিনয়শিল্পী। মনস্তাত্ত্বিক থ্রিলারধর্মী সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড।

প্রযোজনা প্রতিষ্ঠানটির ব্যানারে এর আগে নির্মিত হয়েছে ‘সুড়ঙ্গ’, ‘তুফান’, ‘দাগি’, ‘তাণ্ডব’ ও ‘দম’-এর মতো সিনেমা। এবার বড় পরিসরে নির্মিত হতে যাচ্ছে ‘খলনায়ক’।

সিনেমাটির কেন্দ্রীয় দুই চরিত্রে দেখা যাবে আফরান নিশো ও চঞ্চল চৌধুরীকে। নারীপ্রধান চরিত্রে অভিনয় করছেন তমা মির্জা। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, সুমন আনোয়ার, গাজী রাকায়েত, বিজরী বরকতুল্লাহ, সোহেল মন্ডল ও তুষার খান। বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।

সিনেমাটির চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন শুভঙ্কর ভড়। প্রোডাকশন ডিজাইন ও আর্ট ডিরেকশনে কাজ করছেন ভারতের শিল্প নির্দেশক শিবাজী পাল।

নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে পরিচালক ভিকি জাহেদ বলেন, ‘খলনায়ক’ শুধু একটি গল্প নয়, এটি মানবচরিত্রের গভীর জটিলতা ও রহস্যময়তার নতুন চিত্রায়ন। চিত্রনাট্য, অভিনয়শিল্পী নির্বাচন ও নির্মাণশৈলীতে দর্শক ভিন্নতা দেখতে পাবেন। নিশো ও চঞ্চলের মতো শক্তিশালী অভিনেতাদের একসঙ্গে পরিচালনা করা তাঁর জন্য আনন্দের পাশাপাশি চ্যালেঞ্জেরও।

আফরান নিশো বলেন, ভিকি জাহেদের গল্প বলার ধরন অন্যদের চেয়ে আলাদা। চিত্রনাট্য শোনার পর তাঁর কাছে এটি একটি আকর্ষণীয় মনস্তাত্ত্বিক গল্প বলে মনে হয়েছে। দেশের শক্তিশালী অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করাও নতুন অভিজ্ঞতা হবে বলে আশা করছেন তিনি।

চঞ্চল চৌধুরী বলেন, ভিকি জাহেদের কাজে সবসময় নতুনত্ব ও ভিন্নধর্মী গল্পের উপস্থিতি থাকে। ‘খলনায়ক’-এ তাঁর চরিত্রটি জটিল ও মনস্তাত্ত্বিক হওয়ায় অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি হয়েছে। নিশোর সঙ্গে কাজের অভিজ্ঞতাও উপভোগ্য হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মহেন্দ্র সোনি বলেন, বাংলাদেশি সিনেমাকে আন্তর্জাতিক পরিসরে পৌঁছে দেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে ‘খলনায়ক’ নির্মিত হচ্ছে। অন্যদিকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল জানান, দর্শকের চাহিদা ও কনটেন্টের মানকে গুরুত্ব দিয়ে সিনেমাটি নির্মাণ করা হচ্ছে।

উল্লেখ্য, ‘খলনায়ক’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট ও হইচই স্টুডিওজ। শিগগিরই সিনেমাটির মুক্তির তারিখ, বিস্তারিত তথ্য ও প্রচারণামূলক কনটেন্ট প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।