প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনুর আহমেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, উড়োজাহাজে এ ধরনের কারিগরি ত্রুটি দেখা দিলে নিয়ম অনুযায়ী অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিমানের চিফ (প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং) কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির অন্য সদস্যরা হলেন চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন), ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি) এবং সদস্যসচিব হিসেবে থাকবেন ব্যবস্থাপক (আইনবিষয়ক)। কমিটিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটিকে উড়োজাহাজের কারিগরি ত্রুটির প্রকৃত কারণ ও ধরন শনাক্ত, উড্ডয়ন উপযোগিতা নিশ্চিত করতে নেওয়া পদক্ষেপ পর্যালোচনা এবং এ ঘটনায় ফ্লাইট বিলম্ব, যাত্রীদের ভোগান্তি ও প্রতিষ্ঠানের ভাবমূর্তির ওপর প্রভাব মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি ৩৭৭ কারিগরি ত্রুটির কারণে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্ধারিত সময়ের প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে যাত্রা করে।
বিমানের প্রকৌশল দল এবং জাপানি প্রযুক্তিবিদদের সহযোগিতায় উড়োজাহাজটির ত্রুটি মেরামত করা হয়। মেরামত শেষে বাংলাদেশ সময় রাত ৭টা ৪৩ মিনিটে উড়োজাহাজটির পুশব্যাক সম্পন্ন হয়। পরে রাত ৭টা ৫৫ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে।


মন্তব্য করুন