উচ্চ মজুরি, শক্তিশালী গণসেবা নিশ্চিত করা এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় কমানোর দাবিতে ইতালিজুড়ে বিক্ষোভ ও সাধারণ ধর্মঘট পালিত হয়েছে। একই সঙ্গে সামরিক ব্যয় বাড়ানোর প্রতিবাদে শুক্রবার (৩০ অক্টোবর) রাস্তায় নামেন কয়েক হাজার শ্রমিক ও শিক্ষার্থী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তৃণমূল ট্রেড ইউনিয়ন ইউনিওনে সিন্দাকালে দি বাজে ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘটের ডাক দেয়। দেশটির ৪০টির বেশি শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

রাজধানী রোমে বিক্ষোভকারীরা কলোসিয়ামের পাশ দিয়ে মিছিল করেন। সন্ধ্যায় পার্লামেন্টের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ জলকামান ব্যবহার করে। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টায় আটজনকে আটক করা হয়।

তুরিনেও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ। তবে অধিকাংশ স্থানে আন্দোলন শান্তিপূর্ণ ছিল।

মিলানে বিক্ষোভকারীরা শহরের প্রধান সড়ক ধরে মিছিল করেন। অন্যদিকে জেনোয়া বন্দরে প্রায় ১৫ হাজার শ্রমিক, শিক্ষার্থী ও বিক্ষোভকারী সমবেত হন। অস্ত্র পরিবহনে বন্দর ব্যবহারের প্রতিবাদ এবং আন্তর্জাতিক সংঘাতে নাবিকদের মৃত্যুর বিষয়টি তুলে ধরেন তারা।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মজুরি সংকট ও সরকারি ব্যয় নিয়ে অসন্তোষ থেকে ইউরোপের ফ্রান্স, স্পেন, বেলজিয়াম ও আলবেনিয়াসহ বিভিন্ন দেশেও বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। ফলে ইউরোপজুড়ে সামাজিক ও অর্থনৈতিক অসন্তোষ ক্রমেই জোরালো হচ্ছে।