রাজধানীর গাবতলীতে ছিনতাইকারী আখ্যা দিয়ে অপু রাড়ী (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি মোশাররফ হোসেনকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রায় সাড়ে তিন মাস পর শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে রাজধানীর বারিধারা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ নাছের রিকাবদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ১৪ জুলাই রাত আড়াইটার দিকে দারুস সালাম থানার গাবতলী এলাকার জাফরিন গদির সামনের সড়কে পূর্বশত্রুতার জেরে অপু রাড়ীকে ছিনতাইকারী বলে অপবাদ দেন মোশাররফ হোসেন ও তাঁর সহযোগীরা। এ সময় মোশাররফের গাড়িচালক মিন্টুসহ অজ্ঞাতপরিচয় ১০ থেকে ১৫ জন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অপুর ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। পরে হামলাকারীরা তাঁকে রাস্তায় ফেলে রেখে চলে যান।

পরে অপুর দুলাভাই ইফতিয়ার রায়হান স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে উদ্ধার করে বাসায় নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হলে ১৭ জুলাই তাঁর বড় ভাই সোহান রাড়ী তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। একই দিন অবস্থার আরও অবনতি হলে দুপুর ২টা ৫ মিনিটে উন্নত চিকিৎসার জন্য তাঁকে লালমাটিয়ার বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতাল লিমিটেডে নেওয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ৩১ জুলাই সকাল ৯টা ২৭ মিনিটে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় অপুর বড় ভাই সোহান রাড়ী বাদী হয়ে দারুস সালাম থানায় হত্যা মামলা করেন। মামলার পর ১ আগস্ট দুই নম্বর আসামি মিন্টুকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। তবে প্রধান আসামি মোশাররফ হোসেন আত্মগোপনে ছিলেন।

পুলিশ জানায়, শুক্রবার ভোর ৫টার দিকে ভাটারা থানা পুলিশের সহায়তায় বারিধারা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে মোশাররফকে গ্রেপ্তার করে দারুস সালাম থানা পুলিশ। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মোশাররফ হোসেনের বিরুদ্ধে আদালতে আরও কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।