যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক সাংবাদিকের প্রশ্নোত্তর ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ক্যানসাসে নির্ধারিত সফর বাতিলের কারণ জানতে চাইলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক সাংবাদিককে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন ট্রাম্প। একপর্যায়ে ওই সাংবাদিকের শারীরিক গঠন নিয়েও কটাক্ষ করেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এয়ারফোর্স ওয়ান থেকে নামার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ ঘটনা ঘটে।

প্রতিবেদন অনুযায়ী, সাংবাদিক ট্রাম্পের কাছে জানতে চান, ভ্রমণজনিত ক্লান্তির কারণে তিনি সপ্তাহান্তে ক্যানসাস সফরের পরিকল্পনা বাতিল করেছেন কি না।

জবাবে ট্রাম্প বলেন, প্রশ্ন করতে গিয়ে সাংবাদিক নিজেই ক্লান্ত হয়ে পড়েছেন। এরপর সাংবাদিক কোন সংবাদমাধ্যমের প্রতিনিধি, তা জানতে চান তিনি। সাংবাদিক রয়টার্সের পরিচয় দিলে ট্রাম্প বলেন, ‘আপনি অত্যন্ত বাজে একজন মানুষ। রয়টার্স জিনিসটাই জঘন্য।’

সাংবাদিক তখন বলেন, তাঁরা শুধু নিশ্চিত হতে চান যে প্রেসিডেন্ট ভালো আছেন।

তবে এতেও থামেননি ট্রাম্প। সাংবাদিকের শারীরিক অবস্থা নিয়ে মন্তব্য করে তিনি বলেন, ‘এই লোকটিকে দেখুন। তাঁর শারীরিক অবস্থা খুবই খারাপ। কী বাজে অবস্থায় আছে! আমার কাছে এসে বলছে, স্যার, আপনি ক্যানসাসে কেন যাচ্ছেন না?’

পরে নিজের সফরসূচি তুলে ধরে ক্যানসাস সফর বাতিলের ব্যাখ্যা দেন ট্রাম্প। তিনি জানান, শুক্রবার ফ্লোরিডায় যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। অন্য কোনো কর্মসূচি সামনে এলে সেটিও পালন করতে পারেন।

ট্রাম্প বলেন, সাংবাদিকেরা দুই সপ্তাহ ধরে তাঁকে অনুসরণ করছেন এবং তিনি সম্পূর্ণ সুস্থ বোধ করছেন। ক্যানসাসে যাওয়ার প্রয়োজন মনে করছেন না বলেই সেখানে যাচ্ছেন না।

কথোপকথনের শেষ পর্যায়েও সাংবাদিককে ব্যক্তিগত আক্রমণ অব্যাহত রাখেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আপনি একজন জঘন্য মানুষ। নিজেকে ঠিকঠাক বা শেপে আনুন। আপনাকে দেখতে খুবই বিশ্রী লাগছে!’