সমুদ্রের গভীর দিয়ে ট্রেনে ভ্রমণের অভিজ্ঞতা নিতে চাইলে ঘুরে আসতে পারেন হংকংয়ের ওশান পার্কে। সেখানে রয়েছে ‘ওশান এক্সপ্রেস’ নামে বিশেষ এক ট্রেন। সাবমেরিনের আদলে তৈরি এই ট্রেন ১ দশমিক ৩ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ পেরিয়ে মাত্র চার মিনিটে যাত্রীদের এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেয়।

ওশান এক্সপ্রেসের মাধ্যমে পার্কের ওয়াটারফ্রন্ট ও সামিট অংশের মধ্যে যাতায়াত করা যায়। ট্রেনের ভেতরে সমুদ্রের তলদেশ ও জলজ প্রাণীর দৃশ্য এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যাতে যাত্রীদের মনে হয় তাঁরা সমুদ্রের গভীরে সাবমেরিনে ভ্রমণ করছেন। ঘণ্টায় সর্বোচ্চ পাঁচ হাজার যাত্রী বহন করতে পারে ট্রেনটি।

ওশান পার্ক সাধারণত সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকে। ১২ বছর বা তার বেশি বয়সিদের প্রবেশ টিকিটের দাম ৫৩৮ হংকং ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ৫১৪ টাকা। শিশুদের জন্য টিকিটের দাম ২৬৯ হংকং ডলার।

ওশান এক্সপ্রেস ছাড়াও পার্কটিতে রয়েছে বিশাল অ্যাকোয়ারিয়াম, জায়ান্ট পান্ডা, রোলার কোস্টার ও কেবল কার। হংকংয়ের সাউথ আইল্যান্ড লাইনের মেট্রোরেলে ওশান পার্ক স্টেশনে নেমে সহজেই সেখানে যাওয়া যায়।

আধুনিক প্রযুক্তি ও বিনোদনের সমন্বয়ে তৈরি ওশান এক্সপ্রেস পর্যটকদের জন্য এক ব্যতিক্রমী অভিজ্ঞতা।