বাংলাদেশ বিমানবাহিনীর চাকরিচ্যুত ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তাঁর বাবা কে এম এনায়েতুল করিম। তিনি বলেছেন, তাঁর ছেলে দেশের একজন সুনাগরিক এবং সশস্ত্র বাহিনীর সদস্য ছিলেন। এ ধরনের মৃত্যুর পেছনের প্রকৃত ঘটনা সামনে আসা প্রয়োজন।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

কে এম এনায়েতুল করিম বলেন, ‘আমার ছেলে এ দেশের একজন সুনাগরিক ছিল। সশস্ত্র বাহিনীর একজন সদস্য ছিল। তার এ ধরনের মৃত্যুর যেন সুষ্ঠু তদন্ত হয় এবং প্রকৃত কারণ বের হয়ে আসে।’

ছেলের মৃত্যুর ঘটনায় এখনো থানায় কোনো মামলা করেনি পরিবার। মামলার বিষয়ে পারিবারিকভাবে কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, মামলা করা হবে কি না, সে বিষয়েও তাঁরা এখনো সিদ্ধান্ত নেননি।

তিনি বলেন, ‘আমরা পারিবারিকভাবে এখনও কোনও ধরনের মামলার সিদ্ধান্ত নিইনি। মামলা করব কি না, সে বিষয়েও সিদ্ধান্ত হয়নি। আজ আমাদের নানা ব্যস্ততা আছে। হয়তো আজ এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারব না।’

তাহসিফের বাবা আরও বলেন, থানায় গিয়ে মামলা করা বা না করার বিষয়টিকে গুরুত্ব না দিয়ে সরকার যেন নিজস্ব আইন অনুযায়ী ছেলের মৃত্যুর তদন্ত করে এবং প্রকৃত ঘটনা উদঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

এদিকে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানিয়েছেন, তাহসিফের বাবাকে ফোন করে থানায় মামলা করার জন্য বলা হয়েছে। তবে এখনো তিনি থানায় আসেননি।

তাহসিফের মৃত্যুর ঘটনায় তাঁর জুনিয়র বন্ধু শাহরিয়ার দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নিখোঁজ হওয়ার আগে তাহসিফের সঙ্গে প্রায় ছয় ঘণ্টা সময় কাটিয়েছিলেন দীপ। তাঁর দেওয়া বক্তব্য ও ঘটনার বিভিন্ন দিক যাচাই করছেন তদন্ত কর্মকর্তারা।