ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর আরও দুই সদস্যের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে পেন্টাগন। এ নিয়ে যুদ্ধে এখন পর্যন্ত নিহত মার্কিন সামরিক সদস্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। তবে নতুন করে নিহত দুজন সরাসরি যুদ্ধ বা শত্রুপক্ষের হামলায় প্রাণ হারাননি।
মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নিহত দুজনই যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর সদস্য। পেন্টাগনের হালনাগাদ করা সামরিক সদস্যদের মৃত্যুর তালিকায় তাঁদের নাম যুক্ত করা হয়েছে। পৃথক দুটি অযুদ্ধজনিত ঘটনায় তাঁদের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, তাঁদের একজন অসুস্থতাজনিত কারণে মারা গেছেন। অন্যজনের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে।
পেন্টাগনের তথ্য বলছে, নতুন করে যুক্ত হওয়া এই দুই মৃত্যুর সঙ্গে সরাসরি যুদ্ধ বা শত্রুপক্ষের হামলার কোনো সম্পর্ক নেই। তবে ইরানকে ঘিরে চলমান সামরিক অভিযানের সময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মোট প্রাণহানির সংখ্যা বেড়ে ২৩ হয়েছে।
এদিকে ইরানের দাবি, চলমান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর প্রকৃত প্রাণহানির সংখ্যা ওয়াশিংটনের প্রকাশিত হিসাবের চেয়ে কয়েক গুণ বেশি। তবে তেহরানের এই দাবির পক্ষে স্বাধীনভাবে যাচাই করা কোনো তথ্য পাওয়া যায়নি।
যুদ্ধ শুরুর পর থেকে নিহত মার্কিন সেনাদের মধ্যে কতজন সরাসরি সংঘর্ষ বা হামলায় এবং কতজন অযুদ্ধজনিত ঘটনায় মারা গেছেন, সে বিষয়ে বিস্তারিত পরিসংখ্যান ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।


মন্তব্য করুন