পাবনার আতাইকুলার পুষ্পপাড়া বাজারে একটি ব্যবসায়িক কার্যালয়ে ঢুকে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাজারের ইজারাদার আব্দুস সালাম (৫৪) ও তাঁর সহযোগী রিপন (৩০) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত আব্দুস সালাম পুষ্পপাড়া এলাকার ধর্মগ্রামের আরজ আলীর ছেলে। অন্যদিকে রিপন একই গ্রামের ওমেদ আলী মেম্বারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় আব্দুস সালাম ও রিপন পুষ্পপাড়া বাজারে সালামের ব্যবসায়িক কার্যালয়ে বসে ছিলেন। এ সময় ৫ থেকে ৭ জনের একটি দল সেখানে প্রবেশ করে তাঁদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা দুজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) প্রদীপ কুমার সাহা জানান, ৫ থেকে ৭ জনের একটি দল গুলি করতে করতে আব্দুস সালামের কার্যালয়ে প্রবেশ করে। পরে তারা পালিয়ে যায়। তবে কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।


মন্তব্য করুন