
নিয়মিত অধিনায়ক সোফি মলিনেক্স ও পেসার লুসি হ্যামিল্টনকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন তালিয়া ম্যাকগ্রা।
আগামী ৯ থেকে ১৪ অক্টোবর ব্রিসবেনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এরপর ১৮ থেকে ২২ অক্টোবর সিডনিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।
অনুশীলনে ঊরুর পেশিতে চোট পাওয়ায় বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকছেন না হ্যামিল্টন। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগেই তিনি সুস্থ হয়ে ফিরবেন বলে আশা করছে অস্ট্রেলিয়া। নিয়মিত অধিনায়ক মলিনেক্সও ওয়ানডে সিরিজে থাকছেন না।
পিঠের চোটের কারণে দুই সিরিজেই খেলতে পারবেন না পেসার ডারসি ব্রাউন। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা গ্রেস হ্যারিসও দলে জায়গা পাননি।
বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার দলে রয়েছেন ১২ জন। নারী জাতীয় ক্রিকেট লিগের (ডব্লিউএনসিএল) পরবর্তী রাউন্ড শেষে দলে আরও একজন ক্রিকেটার যুক্ত হতে পারেন বলে জানিয়েছেন নির্বাচক শন ফ্লেগলার।
অস্ট্রেলিয়া নারী দলের স্কোয়াড
নিকোলা ক্যারি, অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, লুসি হ্যামিল্টন (শুধু টি-টোয়েন্টি), অ্যালানা কিং, ফোবে লিচফিল্ড, তালিয়া ম্যাকগ্রা, সোফি মলিনেক্স, বেথ মুনি, এলিসে পেরি, মেগা শুট, আনাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ভল ও জর্জিয়া ওয়ারহ্যাম।