
ফেনীর সীমান্তবর্তী এলাকা ফুলগাজী ও ছাগলনাইয়ায় পৃথক অভিযান চালিয়ে দেড় কোটি টাকারও বেশি মূল্যের চোরাই ভারতীয় পোশাক এবং একটি কাভার্ডভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সাফল্যজনক অভিযানের তথ্য নিশ্চিত করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৩ লাখ ৩৫ হাজার টাকা।
বিজিবি সূত্রের খবর, সীমান্ত দিয়ে অবৈধ চোরাচালান ও মাদক প্রবেশ রোধে বিজিবির নিয়মিত নজরদারির অংশ হিসেবে বুধবার ফুলগাজী ও ছাগলনাইয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্টে কৌশলগত বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে চোরাকারবারীদের আনা বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন আকর্ষণীয় শাড়ি ও থ্রি-পিস উদ্ধার করা হয়। একই সাথে চোরাচালান কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও আটক করতে সক্ষম হন বিজিবি সদস্যরা।
জব্দ করা মালামাল ও গাড়ি সম্পর্কে আইনানুগ পরবর্তী ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তে যেকোনো ধরনের অপরাধ দমনে বিজিবি সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
তিনি আরও বলেন, “সীমান্ত দিয়ে মাদক ও পণ্য চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ আটক এবং সামগ্রিক সীমান্ত নিরাপত্তা নিচ্ছিত করতে বিজিবির প্রতিটি সদস্য ২৪ ঘণ্টা সতর্ক ও তৎপর রয়েছে। দেশের রাজস্ব সুরক্ষা ও সীমান্ত নিরাপত্তার স্বার্থে আমাদের এ ধরনের বিশেষ ও কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”