
বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় দেশে সংকটের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
শফিকুর রহমান বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর থেকেই দেশে সংকট শুরু হয়েছে। বিরোধী দলের দুটি পক্ষ শপথ নিলেও সরকার একটি শপথ নিয়েছে। বিএনপির এই সিদ্ধান্তের কারণে সংকট তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে বিএনপি জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, নির্বাচনের পর সেগুলো থেকে সরে গেছে।
চলমান সমস্যা ও জনভোগান্তির বিষয়গুলো নিয়ে বিরোধী দল সংসদে আলোচনা করতে চাইলেও সরকারি দল তা অনুমোদন দিচ্ছে না বলেও অভিযোগ করেন জামায়াত আমির।
বাংলাদেশে বিনিয়োগ প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে বিদেশি বিনিয়োগ বাংলাদেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে।
সরকার দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার বিপরীত চিত্র দেখা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কর্মসংস্থান বাড়ার পরিবর্তে দেশে বেকারত্ব বাড়ছে।
বিরোধীদলীয় নেতা বলেন, দেশের সমস্যা কমার পরিবর্তে একের পর এক নতুন সমস্যা তৈরি হচ্ছে।