
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে নিউইয়র্কে আয়োজিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠানে মেলানিয়া ট্রাম্পের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎ হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে ঘিরে আয়োজিত এ আন্তর্জাতিক অনুষ্ঠানে বিভিন্ন দেশের ফার্স্ট স্পাউস ও নেতৃস্থানীয় প্রতিনিধিরা অংশ নেন। শিশুদের শিক্ষা, প্রযুক্তি, ডিজিটাল দক্ষতা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অনলাইনে শিশুদের নিরাপত্তার মতো বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হয়।
মেলানিয়া ট্রাম্পের ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ উদ্যোগের অন্যতম লক্ষ্য শিশুদের জন্য শিক্ষা ও প্রযুক্তির সুযোগ সম্প্রসারণ এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করা। সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে শিশুদের ভবিষ্যৎ গঠনে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
নিউইয়র্কের এ আয়োজনে ডা. জুবাইদা রহমানের অংশগ্রহণের মধ্য দিয়ে উদ্যোগটিতে বাংলাদেশের সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে। এর আগে চলতি বছরের মার্চে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট’-এ মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে অংশ নিয়েছিলেন তিনি।
ওই সম্মেলনে শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির নিরাপদ ব্যবহারে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন ডা. জুবাইদা রহমান। শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানোর পাশাপাশি প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহারের ওপর গুরুত্ব দেন তিনি।
মার্চের ওয়াশিংটন সম্মেলনেও মেলানিয়া ট্রাম্পের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। সেখানে শিশুদের কল্যাণে আন্তর্জাতিক সহযোগিতা ও বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন তাঁরা।
বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থান করছেন ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার ম্যানহাটনে মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন তিনি।
মার্চে ওয়াশিংটন এবং সেপ্টেম্বরে নিউইয়র্কের দুই আয়োজনে তাঁর অংশগ্রহণ শিশুদের শিক্ষা, কল্যাণ ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নিয়ে মেলানিয়া ট্রাম্পের আন্তর্জাতিক উদ্যোগে বাংলাদেশের ধারাবাহিক সম্পৃক্ততার বিষয়টি তুলে ধরেছে।