
জুনিয়র এশিয়া কাপে মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে পঞ্চম স্থান নিশ্চিত করেছে বাংলাদেশ নারী হকি দল। চীনের মোকিতে শনিবার অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের হয়ে গোল করেন অধিনায়ক সারিকা রিমন ও কোনা আক্তার।
ম্যাচের ৩১ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে বাংলাদেশকে এগিয়ে দেন সারিকা। শেষ কোয়ার্টারের পঞ্চম মিনিটে ফিল্ড গোল করে ব্যবধান দ্বিগুণ করেন কোনা আক্তার।
৫৯ মিনিটে ইরদিনা জেফ্রির গোলে একটি গোল শোধ করে মালয়েশিয়া। তবে শেষ মুহূর্তে আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এই জয়ে ছয় ম্যাচের পাঁচটিতে জয় পেল বাংলাদেশ। গ্রুপ পর্বে চাইনিজ তাইপে, পাকিস্তান, কাজাখস্তান ও হংকংকে হারিয়ে অপরাজিত থেকে কোয়ার্টার ফাইনালে ওঠে তারা। শেষ আটে জাপানের কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপে সরাসরি যাওয়ার সুযোগ হারায় বাংলাদেশ।
তবে বিশ্বকাপে খেলার সম্ভাবনা এখনো রয়েছে। এশিয়া থেকে নির্ধারিত কোটার পাশাপাশি ২০২৭ নারী জুনিয়র বিশ্বকাপের আয়োজক ভারত হলে এশিয়ার পঞ্চম দল হিসেবেও বিশ্বকাপে খেলার সুযোগ তৈরি হতে পারে বাংলাদেশের।
টুর্নামেন্টে ছয় ম্যাচে ২৬ গোল করেছে বাংলাদেশ, বিপরীতে হজম করেছে মাত্র পাঁচটি। একমাত্র হারটি এসেছে জাপানের বিপক্ষে।
