
দেশকে ভালোবাসার জায়গা থেকেই দেশি-বিদেশি কারিগরি বিশেষজ্ঞদের নিয়ে সরকারকে বিনামূল্যে সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে সরকার সংকট স্বীকার না করে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
শনিবার (১২ সেপ্টেম্বর) বগুড়া সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন জামায়াত আমির।
তিনি বলেন, বাধ্য হয়ে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন ও লংমার্চ কর্মসূচি পালন করছে জামায়াত। গণভোটের রায় বাস্তবায়ন, বৈষম্য দূর করা, দলীয়করণ বন্ধ, চাঁদাবাজি ও দুর্নীতি প্রতিরোধ, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ এবং সারের সরবরাহ নিশ্চিত করার দাবিতে এ আন্দোলন চলছে।
দেশের অর্থনীতি ও শিল্প খাতের সংকট তুলে ধরে শফিকুর রহমান বলেন, তৈরি পোশাক খাতসহ বিভিন্ন শিল্প বর্তমানে সংকটে রয়েছে। বিদ্যুৎ ও সারের পর্যাপ্ত সরবরাহ না থাকায় উৎপাদন কমেছে। এতে ব্যবসায়ীদের ঋণ পরিশোধে সমস্যা হচ্ছে এবং শ্রমিক ছাঁটাইয়ের আশঙ্কা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বগুড়ার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিনেও জেলার শিল্প ও শিক্ষা খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। বগুড়ার ন্যায্য উন্নয়ন নিশ্চিত করতে রাজপথ ও সংসদে জোর দাবি অব্যাহত রাখার অঙ্গীকার করেন তিনি।
চব্বিশের গণঅভ্যুত্থান ও সংস্কার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন করা উচিত। একই সঙ্গে গণমাধ্যমকে রাষ্ট্রের অন্যতম শক্তিশালী স্তম্ভ উল্লেখ করে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও সৎভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
এর আগে সকালে ধুনট উপজেলায় ইসলামী শিক্ষা আন্দোলনের নেতা শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করেন শফিকুর রহমান। পরে স্থানীয় একটি মাদ্রাসায় তার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
