
চট্টগ্রামের অপরাধ জগতের আতঙ্ক শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন এবং কালা মোবারকের নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো এক সঙ্ঘবদ্ধ চক্রের সাত সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম জেলা পুলিশের একটি বিশেষ দল সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে নগরীর বিভিন্ন স্থানে ধারাবাহিক সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করে।
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চাঁদাবাজিতে ব্যবহৃত ক্ষতিকর মোবাইল সিম, বিদেশে তৈরি সচল নম্বরসহ ৪টি হ্যান্ডসেট এবং চাপাতি, তলোয়ারসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলমের নির্দেশনায় হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজের নেতৃত্বে পুলিশ ফোর্সের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। হাটহাজারীর ভুলিয়াপাড়া ও খন্দকিয়া, বায়েজিদ বোস্তামীর মাজার এলাকা এবং খুলশীর দামপাড়া বাসস্ট্যান্ডসহ একাধিক পয়েন্টে রাতভর অভিযান চালিয়ে চক্রটিকে গুঁড়িয়ে দেওয়া হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— কামরুল হাসান ওরফে সাগর (২৫), মো. রিকু (২৫), মো. তরিকুল ইসলাম ফারুক ওরফে রোহিত (২০), আহমদুল্লাহ ওরফে মাসুশ মেম্বারদত (৪০), আহমদ রেজা শাকিল (২৫), মো. মানিক (৪০) এবং নুরুল আলম (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে গত ২৯ জুলাই যশোর থেকে ১৩টি মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন এবং ২৫ আগস্ট ফটিকছড়ি থেকে কালা মোবারককে গ্রেপ্তার করা হয়। মূল হোতারা কারাগারে থাকলেও তাদের নাম ব্যবহার করে এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল এই সহযোগীরা।
সীতাকুণ্ডে অস্ত্র ও বন্দুক উদ্ধার
এদিকে গত ১ সেপ্টেম্বর সীতাকুণ্ডে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের ঘটনায় জড়িত সাদেক (২৯), কামরুল (৩৯) ও হানিফ (৩৪) নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১টি দেশীয় তৈরি একনলা কাটা বন্দুক, ১১টি ধারালো ছুরি, ৩টি কিরিচ, ১টি দা এবং ১৫টি লাঠি উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পূর্বেও একাধিক অপরাধমূলক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
