
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়ায় এক মর্মান্তিক ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় চালক ও হেলপারসহ তিনজনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় অন্তত আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৪ আগস্ট) সকাল আনুমানিক ৬টা ৫৫ মিনিটে ছাগলনাইয়া থানাধীন পুরাতন মুহুরীগঞ্জ এলাকার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে দাঁড়িয়ে ছিল।
পরবর্তীতে বিকল কাভার্ডভ্যানটিকে টেনে নেওয়ার জন্য একটি লং ভেহিকলের (লম্বা ট্রেইলার) সঙ্গে বাঁধার চেষ্টা করছিলেন চালক ও হেলপার।
এ সময় পিছন থেকে দ্রুতগতিতে আসা ‘ইউনিক পরিবহণ’-এর একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে লং ভেহিকল, বাস ও কাভার্ডভ্যানের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের সৃষ্টি হয়।
সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক, হেলপার এবং ইউনিক পরিবহণের বাস চালকের মর্মান্তিক মৃত্যু হয়।
তাত্ক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
দুর্ঘটনার খবর পেয়ে ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।
আঘাতপ্রাপ্তদের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবু নোমান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহনই পুলিশ হেফাজতে জব্দ করা হয়েছে।
এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
