
চট্টগ্রাম নগরীর হালিশহর উপকূলীয় এলাকা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে আনা বিপুল পরিমাণ রাসায়নিক সার ও পাচারকাজে ব্যবহৃত একটি ট্রাকসহ তিন পাচারকারীকে হাতেনাতে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (২ সেপ্টেম্বর) শেষ রাতে হালিশহর থানার দবিরখাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম তাদের আটক করে।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
ঘটনাস্থল থেকে প্রায় সাড়ে ৫ লাখ টাকা মূল্যমানের ২২০ বস্তা (১১ হাজার কেজি) ইউরিয়া সার জব্দ করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদ ছিল একটি চক্র সড়কপথে রাসায়নিক সার এনে হালিশহর দবিরখাল উপকূল দিয়ে ফিশিং বোটে তুলে মিয়ানমারে পাচারের প্রস্তুতি নিচ্ছে।
এমন তথ্যে ভোর চারটার দিকে অভিযান চালায় কোস্ট গার্ডের একটি আভিযানিক দল।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় হাতেনাতে আটক হয় তিন পাচারকারী।
কোস্ট গার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা রাসায়নিক সার, পাচারকাজে ব্যবহৃত ট্রাক এবং আটক তিন পাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।
সীমান্ত ও উপকূলীয় এলাকায় যেকোনো ধরণের চোরাচালান ঠেকাতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
