
সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন করিম উদ্দিন ও খালিদ মিয়া।
সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রবাসীদের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে ফেরার ফ্লাইট ধরতে একটি গাড়িতে করে তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছিলেন ওই প্রবাসীরা। পথে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই চালকসহ চারজনের মৃত্যু হয়।
নিহত করিম উদ্দিন ও খালিদ মিয়া সিলেটের কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের লামার তালুক গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। দীর্ঘদিন সৌদি আরবে থাকার পর তারা দেশে ফেরার প্রস্তুতি নিয়েছিলেন।
নিহত অপর দুজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর নিহতদের স্বজন ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দেশে ফেরত পাঠানো এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
