রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে আগামী ডিসেম্বরেই জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। এ লক্ষ্যে কেন্দ্রটির পাওয়ার স্টার্টআপ কার্যক্রম শুরুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান।
তিনি জানান, বায়েরা চেয়ারম্যান এম মাহমুদুল হাসান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পাওয়ার স্টার্টআপ কার্যক্রম শুরুর অনুমতি দিয়েছেন। এর ফলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও কমিশনিং কার্যক্রমের পরবর্তী ধাপে প্রবেশের সুযোগ তৈরি হয়েছে।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম ইউনিটের ফিজিক্যাল স্টার্টআপ পর্যায়ের প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন হয়েছে। বি-২ ধাপের ফিজিক্স টেস্টসহ বিভিন্ন পরীক্ষার প্রতিবেদন নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দেওয়ার পর স্টেজ-সি বা পাওয়ার স্টার্টআপ পর্যায়ের অনুমোদন পাওয়া যায়।
পাওয়ার স্টার্টআপ পর্যায়ে রিঅ্যাক্টর, কুল্যান্ট ব্যবস্থা, টারবাইন-জেনারেটর, বৈদ্যুতিক সরঞ্জাম, নিয়ন্ত্রণব্যবস্থা এবং নিরাপত্তা ও সুরক্ষাব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হবে।
এ পর্যায়ে কেন্দ্রের বিভিন্ন ব্যবস্থা সমন্বিতভাবে সঠিকভাবে কাজ করছে কি না, তা যাচাই করা হবে। মূল লক্ষ্য হলো নিরাপদ, স্থিতিশীল ও নির্ভরযোগ্যভাবে বিদ্যুৎকেন্দ্র পরিচালনার সক্ষমতা নিশ্চিত করা।
প্রাথমিকভাবে রিঅ্যাক্টরের ক্ষমতা কম রেখে পরীক্ষা শুরু হবে। পরীক্ষার ফলাফল ও কারিগরি মূল্যায়নের ভিত্তিতে ধাপে ধাপে ক্ষমতা বাড়ানো হবে। রিঅ্যাক্টরের তাপীয় ক্ষমতা ৩০ থেকে ৩৫ শতাংশে পৌঁছালে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে বলে প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


মন্তব্য করুন