যুক্তরাজ্যে বাংলাদেশের সমকালীন শিল্প ও সংস্কৃতির আন্তর্জাতিক পরিচিতি বাড়াতে সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়া জোরদারে সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেছেন তিনি।
শুক্রবার (৩০ অক্টোবর) যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাশমোলিয়ান জাদুঘর পরিদর্শনকালে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনায় এসব বিষয় তুলে ধরেন প্রতিমন্ত্রী।
জাদুঘর কর্তৃপক্ষের আমন্ত্রণে এ পরিদর্শনে তাঁর সঙ্গে ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবদুল মুহিতসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শনকালে শামা ওবায়েদ বাংলাদেশি শিল্পী সোমা সুরভী জান্নাতের ‘ক্লাইমেট, কালচার, কেয়ার’ শীর্ষক শিল্পকর্মের প্রদর্শনী ঘুরে দেখেন। যুক্তরাজ্যের কোনো জাদুঘরে বাংলাদেশে অবস্থানরত কোনো শিল্পীর এটিই প্রথম একক প্রদর্শনী বলে জানানো হয়েছে। এ সময় শিল্পীর সৃজনশীলতা, শিল্পকর্মের গভীরতা ও শৈল্পিক উপস্থাপনার প্রশংসা করেন তিনি।
পরে জাদুঘরের কিউরেটরদের সঙ্গে বিভিন্ন সংগ্রহ পরিদর্শন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ ছাড়া অ্যাশমোলিয়ান জাদুঘরের কিপার অব ইস্টার্ন আর্ট অ্যান্ড কিউরেটর ড. মালিকা কুম্বেরা ল্যান্ড্রুসের সঙ্গে বৈঠক করেন তিনি।
বৈঠকে দুই দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে অংশীদারত্ব গড়ে তোলা, সাংস্কৃতিক বিনিময়, বাংলাদেশি শিল্পীদের সহযোগিতা এবং দেশের সৃজনশীল অর্থনীতির বিকাশে যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সমকালীন শিল্পকলার পরিচিতি বাড়াতে এ ধরনের সাংস্কৃতিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সাংস্কৃতিক কূটনীতির মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি জনসম্পর্ক জোরদার করাই এ সফরের অন্যতম উদ্দেশ্য।

মন্তব্য করুন