ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে মাত্র ৭৯ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। তবে প্রথম ইনিংসের লিড মিলিয়ে বাংলাদেশের মোট ব্যবধান দাঁড়িয়েছে ১০৬ রান।
শুক্রবার (৩০ অক্টোবর) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই দিনের খেলা শেষ হয়। তখন জাকের আলী ১৮ ও নাঈম হাসান ১৮ রানে অপরাজিত ছিলেন।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৭২ রানের জবাবে ২৪৫ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ফলে ২৭ রানের লিড পায় স্বাগতিকরা।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে তেজনারায়ণ চন্দরপল সর্বোচ্চ ৫৬ রান করেন। এ ছাড়া জন ক্যাম্পবেল ৫৪ এবং জাস্টিন গ্রিভস ৪৬ রান করেন। অধিনায়ক রোস্টন চেজ ৪৩ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশের হয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখান নাঈম হাসান। ১০.৫ ওভারে ৩৩ রান দিয়ে চারটি উইকেট নেন তিনি। এই পারফরম্যান্সের মধ্য দিয়ে বাংলাদেশের দ্রুততম স্পিনার হিসেবে টেস্ট ক্রিকেটে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন নাঈম। তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ দুটি করে এবং হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম একটি করে উইকেট নেন।
২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। দলীয় ১ রানেই বিদায় নেন তানজিদ হাসান তামিম। এরপর শাদমান ইসলাম ১৩, নাজমুল হোসেন শান্ত ১০, তাওহিদ হৃদয় শূন্য এবং লিটন দাস ৪ রান করে আউট হন।
মেহেদী হাসান মিরাজও ৯ রান করে ফিরলে ৫৩ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। এরপর জাকের আলী ও নাঈম হাসান অবিচ্ছিন্ন থেকে দিনের খেলা শেষ করেন।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে রোস্টন চেজ তিনটি, জোমেল ওয়ারিকান দুটি এবং শামার জোসেফ একটি উইকেট নেন।
তৃতীয় দিন শেষে বাংলাদেশের হাতে রয়েছে চারটি উইকেট। চতুর্থ দিনে জাকের ও নাঈমের জুটি থেকে বড় সংগ্রহ গড়ে লিড আরও বাড়ানোই এখন স্বাগতিকদের প্রধান লক্ষ্য।


মন্তব্য করুন