
সিলেটে চিকিৎসা শিক্ষায় অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীদের সঙ্গে সাংস্কৃতিক ও মতবিনিময়মূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘সেবা পক্ষওয়াদা’ (Sewa Pakhwada) কর্মসূচি শুরু করেছে অ্যাসিস্ট্যান্ট হাইকমিশন অব ইন্ডিয়া (এএইচসিআই) সিলেট।
সম্প্রতি এএইচসিআই সিলেট কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সিলেটের পাঁচটি স্বনামধন্য মেডিকেল কলেজে চিকিৎসা শিক্ষা গ্রহণকারী ভারতীয় শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে এএইচসি অনিরুদ্ধ দাস শিক্ষার্থীদের স্বাগত জানান এবং ‘সেবা পক্ষওয়াদা’র গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এএইচসি সিলেটের কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা। এ সময় ভারতীয় শিক্ষার্থীদের সম্ভাব্য সব ধরনের সহযোগিতা ও সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়।
অনুষ্ঠানে ‘পুরমপরা’ নামের একটি সঙ্গীত দলের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।
আয়োজকরা জানান, ‘সেবা পক্ষওয়াদা’ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থী ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সাংস্কৃতিক বোঝাপড়া এবং সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা এ ধরনের আয়োজনকে দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সাংস্কৃতিক বিনিময়ের একটি সুযোগ হিসেবে দেখেন।
অনুষ্ঠান শেষে অতিথি ও শিক্ষার্থীদের মধ্যে স্মারক উপহার ও শুভেচ্ছা বিনিময় করা হয়।