
হরমুজ প্রণালীতে তেলবাহী সুপারট্যাংকারে হামলাকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। হামলার ঘটনা নিয়ে দুই দেশের পাল্টাপাল্টি বক্তব্যে গুরুত্বপূর্ণ এই নৌপথের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) দাবি প্রত্যাখ্যান করেছে। সেন্টকম বলছে, পানামার পতাকাবাহী তেলবাহী জাহাজ ‘এল গাইয়া’ কোনো নৌমাইনে আঘাত পায়নি। গত মাসে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত জাহাজটি চলতি সপ্তাহান্তে ওমানের কাছাকাছি সমুদ্রে আবারও ড্রোন হামলার শিকার হয়েছে।
এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। তবে আলোচনায় বসার চূড়ান্ত সিদ্ধান্ত তিনি নিজেই নেবেন বলে জানিয়েছেন।
অন্যদিকে ইরানের নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই বলেছেন, তেল ও হরমুজ প্রণালী ঘিরে পরিস্থিতির হিসাব-নিকাশ বদলে গেছে। ইরানের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হবে না বলেও জানিয়েছেন তিনি।
ফলে হরমুজ প্রণালীতে সামরিক উত্তেজনার পাশাপাশি দুই দেশের কূটনৈতিক দূরত্বও আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
