
বাংলাদেশসহ ২০ দেশ ও অঞ্চল থেকে আমদানি করা বিশেষায়িত ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
শূন্য শুল্কের আওতায় থাকবে বিরল রোগের ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, রক্তরস থেকে তৈরি চিকিৎসা পণ্য, বন্ধ্যত্বের চিকিৎসার ওষুধ, সেল ও জিন থেরাপি এবং অ্যান্টিবডি-ড্রাগ কনজুগেটসহ বিভিন্ন বিশেষায়িত পণ্য।
এ ছাড়া রাসায়নিক, জৈবিক, তেজস্ক্রিয় ও পারমাণবিক হুমকি মোকাবিলায় ব্যবহৃত চিকিৎসা সরঞ্জাম এবং প্রাণীর চিকিৎসায় ব্যবহৃত কিছু পণ্যও এ সুবিধার আওতায় থাকবে।
বাংলাদেশের পাশাপাশি ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, ভিয়েতনাম, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডরসহ মোট ২০ দেশ ও অঞ্চলকে তালিকায় রাখা হয়েছে।
তবে নির্দিষ্ট শূন্য শুল্কের আওতায় না থাকা পেটেন্টযুক্ত ওষুধের ওপর ১০০ শতাংশ শুল্ক বহাল থাকবে, যদি সেগুলো অন্য কোনো শুল্ক সুবিধার যোগ্য না হয়।
অন্যদিকে জেনেরিক ওষুধ ও সংশ্লিষ্ট উপাদান এই শুল্কের আওতায় পড়ছে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ।