ঢাকা
০২ জুলাই ২০২৬

প্রথম দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬   ৩৫ বার পঠিত
প্রথম দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন

দেশজুড়ে কড়া নিরাপত্তা ও শতভাগ সিসিটিভি নজরদারিতে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন, বহিষ্কার ৭ পরীক্ষার্থী

দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, শতভাগ সিসিটিভি নজরদারি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার মধ্য দিয়ে বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডে কুরআন মাজিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। অর্থাৎ, ছাত্রের তুলনায় ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করছে।

এবার প্রথমবারের মতো দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, প্রথম দিনের পরীক্ষা কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সফলভাবে সম্পন্ন হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ৮ লাখ ৫৬ হাজার ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ২৩৩ জন, যা মোট পরীক্ষার্থীর প্রায় ২ শতাংশ। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৮০ হাজার ৬৫৩ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৮০ হাজার ৬০৩ জন পরীক্ষার্থী প্রথম দিনের পরীক্ষায় অংশ নেন।

পরীক্ষাকালীন অসদুপায় অবলম্বনের অভিযোগে সাতজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তবে দায়িত্বে অবহেলার অভিযোগে কোনো পরিদর্শকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়নি।

নকলমুক্ত ও স্বচ্ছ পরীক্ষা নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় কেন্দ্রীয় সিসিটিভি মনিটরিং সেল চালু করেছে। রাজধানী থেকে দেশের সব পরীক্ষাকেন্দ্রের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা হয়েছে। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের জন্য বডি-ওয়ার্ন ক্যামেরার ব্যবস্থাও রাখা হয়। প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া প্রশ্ন বা গুজব প্রতিরোধে সাইবার টিম সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে।

উল্লেখ্য, ৭৭টি বিষয়ে লিখিত পরীক্ষা আগামী ৮ আগস্ট পর্যন্ত চলবে। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার পরিকল্পনা রয়েছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa