ঢাকা
১০ জুলাই ২০২৬

ঢাবি এলাকায় কুরআনের তাফসির গ্রন্থে আগুন, কারাগারে গ্রেপ্তার মেহেদী

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শুক্রবার, ১০ জুলাই ২০২৬   ২৮ বার পঠিত
ঢাবি এলাকায় কুরআনের তাফসির গ্রন্থে আগুন, কারাগারে গ্রেপ্তার মেহেদী

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পবিত্র কোরআনের তাফসির গ্রন্থে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার মেহেদী হাসানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আগামী ১৭ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।শুক্রবার (১০ জুলাই) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর পুলিশের আবেদনের পর শুনানি শেষে এ আদেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) শাহ আলম জানান, আসামির পক্ষে কোনো জামিন আবেদন কিংবা পুলিশের পক্ষ থেকে রিমান্ড আবেদন করা হয়নি। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান আসামিকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করেন। তবে তাঁকে আদালতের এজলাসে তোলা হয়নি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সাইয়েদ আবুল আ’লা মওদুদী রচিত ‘তাফহীমুল কুরআন’-এর তিনটি খণ্ডে আগুন দেওয়ার সময় উপস্থিত জনতা মেহেদী হাসানকে আটক করে। পরে খবর পেয়ে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির এসআই কামাল উদ্দিন মিয়া সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে তাঁকে পুলিশি হেফাজতে নেন। এ সময় উত্তেজিত জনতার মারধরে তিনি সামান্য আহত হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পর নীলক্ষেত পুলিশ ফাঁড়ির এসআই কামাল উদ্দিন মিয়া বাদী হয়ে শাহবাগ থানায় দণ্ডবিধির ২৯৫-ক ধারায় একটি মামলা দায়ের করেন।

আদালতে দেওয়া তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে রাখা প্রয়োজন। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তীতে তাঁর রিমান্ডের আবেদন করা হবে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa