
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে চালু হচ্ছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’।
বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে গোলাপি রঙের এসব ‘পিংক বাস’ পরিচালনা করবেন নারী চালক ও কন্ডাক্টররা।
মঙ্গলবার (১৮ আগস্ট) তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ সার্ভিসের উদ্বোধন হবে।
উদ্বোধনের পর বিকেলে যাত্রী পাওয়া সাপেক্ষে বাস চলবে।
বুধবার থেকে নির্ধারিত রুটে নিয়মিত যাত্রীসেবা শুরুর কথা রয়েছে।
প্রাথমিকভাবে ঢাকার গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে ১০টি বাস নামানো হচ্ছে।
নতুনবাজার-মতিঝিল, মিরপুর-মতিঝিল, ডেমরা-মতিঝিল, মোহাম্মদপুর-মতিঝিল ও আব্দুল্লাহপুর-জিপিওসহ বিভিন্ন রুটে এসব বাস চলবে।
গাজীপুর-বিমানবন্দর রুটেও থাকবে বিশেষ বাস।
নতুনবাজার-মতিঝিল রুটের বাস কোকাকোলা, বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিলে যাবে।
ঢাকার বাইরে বগুড়ার শেরপুর-মাটিডালি এবং চট্টগ্রামের কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি করে বাস চলবে।
বিআরটিসি জানিয়েছে, সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
যাত্রীদের চাহিদা অনুযায়ী ভবিষ্যতে বাসের সংখ্যা বাড়ানো হবে।
পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থান ও অংশগ্রহণ বাড়ানোরও সুযোগ তৈরি হবে।
