চবিতে প্রথমবারের মতো গবেষণা বৃত্তি চালু

সোমবার, ০৪ মে ২০২৬ | ৪:১৮ অপরাহ্ণ

চবিতে প্রথমবারের মতো গবেষণা বৃত্তি চালু
apps

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মতো পিএইচডি, এমফিল ও মাস্টার্স (থিসিস) গবেষকদের জন্য গবেষণা বৃত্তি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (৪ মার্চ) চাকসুর গবেষণা ও উদ্ভাবনবিষয়ক সম্পাদক তানভীর আঞ্জুম শোভন বিষয়টি নিশ্চিত করেছেন।

চাকসু ও প্রশাসন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে এ প্রথম গবেষণা বৃত্তি চালু করা হচ্ছে। এ বৃত্তির আওতায় ৪ বছর মেয়াদি পিএইচডি গবেষকরা পাবেন ৪০ হাজার টাকা, ২ বছর মেয়াদি এমফিল গবেষকরা ২০ হাজার টাকা এবং ৬ মাস মেয়াদি মাস্টার্স (থিসিস) গবেষকরা ১৫ হাজার টাকা।

২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরে ভর্তিকৃত পিএইচডি, এমফিল ও মাস্টার্স (থিসিস) গবেষকরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাবর্ষ জুলাই-জুন বিবেচনায় বৃত্তি প্রদান করা হবে এবং শুধুমাত্র পূর্ণকালীন (ফুল-টাইম) শিক্ষার্থীরাই আবেদন করতে পারবেন।

পিএইচডি ও এমফিল গবেষকদের প্রতি বছর বৃত্তি নবায়নের জন্য নির্ধারিত শর্ত পূরণ করে আবেদন করতে হবে। নবায়নের ক্ষেত্রে সুপারভাইজারের সন্তোষজনক মতামত ও অ্যাকাডেমিক কমিটির সুপারিশ বাধ্যতামূলক। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে বৃত্তি নবায়ন করা হবে না।

এছাড়া, পিএইচডি গবেষকদের তৃতীয় ও চতুর্থ বর্ষে কমপক্ষে একটি করে এবং এমফিল গবেষকদের অন্তত একটি পিয়ার-রিভিউড প্রকাশনা থাকতে হবে। অন্যথায় প্রাপ্ত বৃত্তির অর্থ ফেরত দিতে হবে। গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তর কর্তৃক গঠিত বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে আবেদনগুলো অনুমোদন করা হবে।

নীতিমালা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ডিগ্রি সম্পন্ন করতে না পারলে বৃত্তির অর্থ ফেরত দিতে হবে। তবে অসুস্থতা, দুর্ঘটনা, দুর্যোগ বা মহামারির মতো গ্রহণযোগ্য কারণে সর্বোচ্চ এক বছর সময় বৃদ্ধি নেওয়ার সুযোগ থাকবে। বৃত্তির অর্থ শুধুমাত্র গবেষণা কাজে ব্যয় করা যাবে অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না।

চাকসুর গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক তানভীর আঞ্জুম শোভন বলেন, এর আগে শুধুমাত্র শিক্ষার্থীদের যাতায়াত খরচ ও আনুষঙ্গিক ব্যয় বহন করা হলেও প্রথমবারের মতো এ উদ্যোগটি চালু করা হয়েছে। মাস্টার্স থিসিসের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে শীর্ষস্থান অর্জনকারী শিক্ষার্থীদের এই বৃত্তির আওতায় আনা হবে। যদিও, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পরবর্তীতে কোন খাতে কত অর্থ ব্যয় করা হয়েছে তার বিস্তারিত হিসাবও জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক শামীম উদ্দিন খান বলেন, আবেদন অনুমোদন করা প্রত্যক শিক্ষার্থীকে এ বৃত্তি দেওয়া হবে। তবে, একজন শিক্ষার্থী যদি অন্য কোনো একাধিক বৃত্তি পেয়ে থাকে তাহলে এটি গ্রহণযোগ্য হবে না।

Development by: webnewsdesign.com