আগামী এক বছরের মধ্যে বাংলাদেশের পুঁজিবাজারের চেহারা বদলে যাবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশের আর্থিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে এবং বিদেশি উন্নয়ন সহযোগীদের অর্থের ওপর অতিরিক্ত নির্ভরতার দিন শেষ করতে হবে।

রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের আর্থিক কাঠামো, সরকারি অর্থব্যবস্থা এবং বেসরকারি খাতের অর্থায়ন ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের অর্থের ওপর নির্ভর করে দেশ পরিচালনার বর্তমান ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে।

তিনি বলেন, উচ্চ সুদে ব্যাংকঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করলে দেশের শিল্প ও ব্যবসা আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না। তাই অর্থের ব্যয় কমানোর পাশাপাশি পুঁজিবাজার ও বন্ড বাজারকে অর্থায়নের গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে গড়ে তোলা প্রয়োজন।

বড় অবকাঠামো প্রকল্পের সম্পদ ও ভবিষ্যৎ আয়কে কাজে লাগিয়ে অর্থ সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে আমির খসরু বলেন, পদ্মা সেতু ও যমুনা সেতুর সম্পদকে কাজে লাগিয়ে সিকিউরিটাইজেশনের উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারি-বেসরকারি খাতেও এ ধরনের আরও অনেক সুযোগ রয়েছে।

তিনি বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করতে হলে শুধু আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের অর্থের ওপর নির্ভর করলে চলবে না। দেশের প্রয়োজনীয় অর্থ দেশের নিজস্ব বাজার থেকেই সংগ্রহের সক্ষমতা তৈরি করতে হবে।

পুঁজিবাজারে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, কোনো বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটলে আগামী এক বছরের মধ্যে দেশের পুঁজিবাজারের চেহারায় বড় পরিবর্তন দেখা যাবে।

এ সময় শেয়ারবাজারসহ আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনার অপেক্ষায় না থেকে নিজেদের কার্যক্রমে স্বনিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি।