বাংলাদেশ রেলওয়েকে লোকসান থেকে বের করে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি মালবাহী কোচের সংখ্যা বাড়ানো এবং পণ্য পরিবহন ও রপ্তানি কার্যক্রম সম্প্রসারণের সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।
রোববার (৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। কমিটির সভাপতি মোহাম্মদ আলি আসগারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদসহ কমিটির সদস্যরা অংশ নেন।
বৈঠকে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের সার্বিক কার্যক্রম, রেল পরিদর্শন অধিদপ্তর এবং কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়। একই সঙ্গে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে রেলপথ মন্ত্রণালয়ের ঘোষিত ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও এর অগ্রগতি পর্যালোচনা করা হয়।
আলোচনায় রেলওয়ের আয় বাড়ানোর বিভিন্ন উপায় নিয়ে গুরুত্ব দেওয়া হয়। যাত্রী পরিবহনের পাশাপাশি মালবাহী কোচের সংখ্যা বাড়িয়ে দেশীয় পণ্য পরিবহন এবং পণ্য রপ্তানির সুযোগ সম্প্রসারণের মাধ্যমে আয় বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়।
বৈঠকে বাংলাদেশ রেলওয়ের ডিজিটাল সেবা আরও কার্যকর করা, নির্ধারিত মান অনুযায়ী লোকোমোটিভ তৈরি ও সংখ্যা বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়।
এ ছাড়া দীর্ঘদিনের সমস্যা ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধে মন্ত্রণালয়ের নেওয়া পদক্ষেপ নিয়েও আলোচনা হয়। যাত্রীদের কাছে টিকিট বিক্রির প্রক্রিয়া আরও স্বচ্ছ ও কার্যকর করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত প্রস্তাবিত নতুন রেলপথের অগ্রগতির বিষয়েও তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়।
এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন