ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে জুনে হওয়া অন্তর্বর্তী সমঝোতায় নির্ধারিত সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না। রোববার ইরানের বার্তাসংস্থা নূরনিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ঘালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র সম্প্রতি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানকে নতুন একটি প্রস্তাব দিয়েছে। তবে ওয়াশিংটনকে বুঝতে হবে, প্রক্রিয়া দীর্ঘায়িত করা কিংবা একতরফা দাবি আদায়ের সুযোগ এখন শেষ হয়ে গেছে।

তিনি বলেন, জুনে হওয়া ইসলামাবাদ সমঝোতা স্মারকে নির্ধারিত সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে। ইরানের অবস্থান এ বিষয়ে স্পষ্ট ও দৃঢ়।

এর আগে রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বিরোধ নিরসনে তেহরান নতুন একটি প্রস্তাব দিয়েছে। ওয়াশিংটন প্রস্তাবটি গ্রহণ করলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার কথা বিবেচনা করবে ইরান।

বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে আরাঘচি বলেন, হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে ইরানের শর্তগুলো যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে জানানো হয়েছে। এসব শর্ত মেনে নিলেই পরিস্থিতির অগ্রগতি সম্ভব।

তিনি আরও বলেন, ইরান আশা করছে যুক্তরাষ্ট্র কূটনৈতিক পথ বেছে নেবে। তবে সামরিক পদক্ষেপ নেওয়া হলে ইরানও প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে।

আরাঘচির ভাষায়, যুক্তরাষ্ট্র যদি আবার সামরিক সমাধানের পথে এগোয়, তাহলে আগের তুলনায় আরও বেশি প্রস্তুতি নিয়ে নিজেদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে ইরান।