সাইবার আইন সাংবাদিকদের নিয়ন্ত্রণ বা তাঁদের লেখার স্বাধীনতা খর্ব করার জন্য নয়; বরং জনগণ ও সাংবাদিকদের সুরক্ষার জন্য আইনটি কার্যকর করা হবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে এবং সাংবাদিকদের কাজে অযাচিত হস্তক্ষেপ করতে চায় না। সাইবার আইন প্রণয়নের বিষয়ে সাংবাদিক নেতাদের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে এবং ভবিষ্যতেও এ আলোচনা অব্যাহত থাকবে।
তিনি জানান, কোনো সাংবাদিক অনিচ্ছাকৃতভাবে সাইবার আইনের কোনো বিধান লঙ্ঘন করলে সরাসরি তাঁকে আইনের আওতায় আনার আগে আদালতের অনুমতির প্রয়োজন হবে—এমন একটি প্রস্তাব বিবেচনা করছে সরকার। এ বিষয়ে আইনের ভাষা ও সংশ্লিষ্ট বিধান নিয়ে কাজ চলছে।
ইয়াসের খান চৌধুরী বলেন, ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ব্যবহার করে মানুষকে হয়রানি করা হচ্ছে। অনেক ক্ষেত্রে সাংবাদিকদের নাম ও পরিচয় ব্যবহার করেও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। এসব কর্মকাণ্ড প্রকৃত সাংবাদিকদের পাশাপাশি সাধারণ মানুষের জন্যও হুমকি তৈরি করছে।
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং সাংবাদিকদের স্বীকৃতির সুনির্দিষ্ট নীতিমালা নিয়েও সরকার কাজ করছে বলে জানান তিনি।

মন্তব্য করুন