অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে। তবে এ সময়ে পুরোপুরি বৃষ্টিমুক্ত থাকবে না বাংলাদেশ। বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ সৃষ্টি এবং এর মধ্যে এক-দুটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কাও রয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অক্টোবর-ডিসেম্বরের ত্রৈমাসিক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম পূর্বাভাসে স্বাক্ষর করেন।
অক্টোবরে দেশের অধিকাংশ এলাকায় স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে ৩ থেকে ৫টি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ১ থেকে ২টি নিম্নচাপ বা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। দেশের বিভিন্ন এলাকায় ৪ থেকে ৮ দিন বজ্রঝড়ের সম্ভাবনাও রয়েছে। নভেম্বরে বৃষ্টিপাত আরও কমে আসতে পারে। তবে বিচ্ছিন্নভাবে বিভিন্ন এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। একই সঙ্গে শুষ্ক আবহাওয়া বাড়তে পারে।
ডিসেম্বর থেকে শীতের প্রকোপ বাড়তে শুরু করবে। দেশের বিভিন্ন এলাকায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা এবং কোথাও কোথাও ঘন কুয়াশা পড়তে পারে। এ ছাড়া ডিসেম্বর মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে ১ থেকে ২টি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে। তবে পুরো ডিসেম্বরজুড়ে তীব্র শীতের পরিস্থিতি থাকবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


মন্তব্য করুন