বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ৯ দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। শনিবার (৩ অক্টোবর) তিনি এ সফরের জন্য ঢাকা ত্যাগ করেন।

সফরের প্রথম ধাপে অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠেয় ‘দ্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন ২০২৬’-এ অংশ নেবেন সেনাপ্রধান। পাশাপাশি মেলবোর্নে অবস্থিত ডিকিন ইউনিভার্সিটি পরিদর্শন করবেন তিনি।

এরপর জেনারেল ওয়াকার-উজ-জামান যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে যাবেন। সেখানে অনুষ্ঠেয় ‘অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশন’-এ অংশগ্রহণ করবেন।

সফরকালে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করবেন সেনাপ্রধান। পাশাপাশি দেশ দুটির বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শনের কর্মসূচিও রয়েছে।

সেনাপ্রধানের এ সফর দুই দেশের সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্ক আরও জোরদারে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।