স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে দেশের ৯২ শতাংশ পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

রোববার (৪ অক্টোবর) ঢাকায় বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর দ্বিতীয় দিনের অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

সারাহ কুক বলেন, বর্তমানে বাংলাদেশের প্রায় ৯৯ দশমিক ৮ শতাংশ পণ্য যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে। এলডিসি উত্তরণের পরও পরবর্তী তিন বছর এ সুবিধা অব্যাহত থাকবে। ওই সময় বাংলাদেশের তৈরি পোশাকসহ প্রায় ৯২ শতাংশ পণ্য শুল্কমুক্ত সুবিধার আওতায় থাকবে।

তিনি বলেন, যুক্তরাজ্য বাংলাদেশকে একটি কৌশলগত ও বিশ্বস্ত অংশীদার হিসেবে দেখে। দুই দেশের সম্পর্ককে আধুনিক কৌশলগত অংশীদারত্বে উন্নীত করা হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তর ও কর্মসংস্থানে ব্রিটিশ বিনিয়োগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।

বাংলাদেশের এলডিসি উত্তরণ যেন মসৃণ ও টেকসই হয়, সে বিষয়ে যুক্তরাজ্য সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান ব্রিটিশ হাইকমিশনার।

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু ঝুঁকি, সাইবার নিরাপত্তা ও অর্থনৈতিক নিরাপত্তার ক্ষেত্রেও বাংলাদেশের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।