মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন।
রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবিটি হোয়াইট হাউস থেকেই প্রকাশ করা হয়েছে। পরে ঢাকায় মার্কিন দূতাবাসও ছবিটি শেয়ার করেছে। তাই ছবিটি নিয়ে অপপ্রচারের কোনো সুযোগ নেই।
মাহদী আমিন বলেন, নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বৈঠক একটি স্বাভাবিক কূটনৈতিক কার্যক্রম। বৈঠকে দুই নেতার মধ্যে আন্তরিক ও স্বতঃস্ফূর্ত আলোচনা হয়েছে।
প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানের একটি অনুষ্ঠান নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ করেন তিনি। পরে আয়োজকেরা বিষয়টি পরিষ্কার করেছেন বলেও জানান।
প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমানের জাতিসংঘের চাকরি নিয়েও অপপ্রচার হয়েছে দাবি করে তিনি বলেন, এটি তাঁর যোগ্যতার ভিত্তিতে হয়েছে এবং এর সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই।
সমালোচনা করার ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই ও দায়িত্বশীলতার আহ্বান জানিয়ে মাহদী আমিন বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও রাষ্ট্রীয় স্বার্থ, সত্য ও পারস্পরিক সম্মানকে গুরুত্ব দিতে হবে।

মন্তব্য করুন