বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা এখন নতুন স্বাভাবিক বাস্তবতায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বিশ্বজুড়ে ধীরগতির প্রবৃদ্ধি, ঋণের উচ্চ ব্যয় ও বাণিজ্যিক সংরক্ষণবাদের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্যনির্ভর ও বাস্তবসম্মত নীতি গ্রহণ জরুরি।

শনিবার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সহযোগিতায় এবং জুনিয়র ইকোনমিস্টস ফোরামের উদ্যোগে আয়োজিত জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় অর্থনীতি প্রতিযোগিতা ‘ইকনথন ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনালের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, নীতি প্রণয়নের ক্ষেত্রে বাস্তবসম্মত সমাধান এবং তথ্যের যথাযথ ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থ মন্ত্রণালয়কে প্রতিনিয়ত নানা ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতির মোকাবিলা করতে হয়। অনেক সময় সীমিত তথ্যের ভিত্তিতেই দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নিতে হয়।

তিনি জানান, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ২২৪টি দল ‘ইকনথন ২০২৬’-এ নিবন্ধন করে। কুইজ, কেস সলভিং ও নীতি প্রণয়নভিত্তিক বিভিন্ন ধাপ পেরিয়ে চূড়ান্ত পর্বে ওঠা শিক্ষার্থীদের প্রশংসা করেন তিনি।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জ্বালানির মূল্য, বৈদেশিক মুদ্রার ওপর চাপ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় চাপ তৈরি করছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি কর ব্যবস্থার আধুনিকায়ন প্রয়োজন।

জনগণের করের প্রতিটি টাকার স্বচ্ছতা ও কার্যকর ব্যবহার নিশ্চিত করাকে সরকারের অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন অর্থমন্ত্রী।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, দক্ষতা ছাড়া কোনো জাতি এগোতে পারে না। তবে সততা ও মানবিকতা ছাড়া সেই দক্ষতা সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারে না। অর্থনীতি শুধু পরীক্ষায় পাস করার বিষয় নয়; বরং অর্থনৈতিক বাস্তবতা বুঝে দেশের সেবায় নীতি ও সততার সঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ইউনাইটেড গ্রুপের প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ রাজা। বিশেষ অতিথি ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ইউনাইটেড গ্রুপের উপদেষ্টা কে এম এ শামীম।

ইউআইইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের সমাপনী পর্বে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী।

Facebook Comments Box