পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতা কাটিয়ে রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আজ শুক্রবার বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। বিশেষ কার্গো উড়োজাহাজে করে চালানটি দুপুরের মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে পারে।প্রকল্পসংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বিমানবন্দরে পৌঁছানোর পর কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে শনিবার ইউরেনিয়াম রূপপুরে নেওয়া হবে।
এর আগে বৃহস্পতিবার ইউরেনিয়ামবাহী কার্গো উড়োজাহাজটি দেশে আসার কথা থাকলেও শেষ মুহূর্তে ফ্লাইট বাতিল করা হয়। পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় এই জটিলতা তৈরি হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সংশ্লিষ্টরা জানান, রূপপুরের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি, মোট নয়টি চালানে ইউরেনিয়াম দেশে আনা হবে। আগামী ডিসেম্বরের মধ্যে পুরো সরবরাহ শেষ করার পরিকল্পনা রয়েছে।
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম এগিয়ে নিতে ইউরেনিয়াম সরবরাহকে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। সব প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী এগোলে ডিসেম্বরের মধ্যে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে প্রাথমিকভাবে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে।

মন্তব্য করুন