দেশের মাটিতে হামজা চৌধুরীর প্রথম ম্যাচ দেখতে সমর্থকদের মধ্যে টিকিটের ব্যাপক চাহিদা থাকলেও আসন্ন সাফ টুর্নামেন্টের টিকিট বিক্রিতে তেমন সাড়া মিলছে না। টিকিটের দাম ৯৯৯ টাকা হওয়ায় দর্শকদের আগ্রহ তুলনামূলক কম বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

গতকাল রাত থেকে অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইয়ে টিকিট বিক্রি শুরু হয়। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বিক্রি হয়েছে প্রায় ৮ হাজার ৯০০টি টিকিট। সাফের বিপণন সহযোগী প্রতিষ্ঠান টিএসএর কর্মকর্তা সজিব জানান, বিক্রি হওয়া টিকিটের অধিকাংশই সাধারণ গ্যালারির।

টিকিটের নির্ধারিত দাম ৯৯৯ টাকা হলেও অনলাইনে কেনার সময় গ্রাহককে আরও ৬৩ টাকা দিতে হচ্ছে। সজিবের ভাষ্য, অনলাইন টিকিট বিক্রির ক্ষেত্রে এ ধরনের সার্ভিস চার্জ প্রযোজ্য। নির্ধারিত মূল্যের মধ্যেই ১৫ শতাংশ মূল্য সংযোজন কর অন্তর্ভুক্ত রয়েছে।

জাতীয় স্টেডিয়ামের ভিআইপি বক্সের টিকিট এখনো সাধারণ দর্শকদের জন্য ছাড়া হয়নি। এসব টিকিটের একটি অংশ করপোরেট প্রতিষ্ঠান, রেডবক্স, বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও সাফের জন্য সংরক্ষিত রয়েছে।

এখন পর্যন্ত বাংলাদেশ-ভুটান ও ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি হচ্ছে। পর্যায়ক্রমে অন্য ম্যাচগুলোর টিকিটও ছাড়া হবে।

টিকিটের দাম বেশি স্বীকার করে টিএসএর ওই কর্মকর্তা জানান, এক দিন একটি ম্যাচ আয়োজন করে টিকিটের দাম ৫০০ টাকা রাখার চেষ্টা করা হয়েছিল। তবে ভেন্যু ও অন্যান্য খরচ বিবেচনায় তা সম্ভব হয়নি।